রাজ্য – রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র পাবলিক হেলথ-কাম-অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স গ্রুপ ‘বি’-এর ১২ জন আধিকারিককে পদোন্নতি দিয়ে গ্রুপ ‘এ’-তে উন্নীত করা হয়েছে। এই পদোন্নতি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মুক্তি সাধন মাইতিকে ডিডিএইচএস (অ্যাডমিন), বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শুভব্রত ঘোষকে ডিডিএইচএস (এমইআরটি) এবং পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জয়রাম হেমব্রমকে স্টেট ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স (এসবিএইচআই)-এর ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও, পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাষ রায়কে ডিডিএইচএস (হেলথ অ্যাডমিনিস্ট্রেশন), রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শোভন দেকে ডিডিএইচএস (ব্লাড সেফটি) এবং ডা. সুব্রতা রায়কে সেন্ট্রাল ব্লাড ব্যাংক (আইবিটিএম অ্যান্ড আইএইচ)-এর ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সরকারের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে প্রশাসনিক কাঠামোয় এই পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, পরিষেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তে প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হবে বলেই মনে করা হচ্ছে।




















