রাজ্য – আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। এবার কোন কোন উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকবে, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণায় বহু মহিলা স্বস্তি পেলেও, যোগ্য উপভোক্তাদের যাচাইয়ের বিষয়টিতে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।
বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের টাকা নিয়ে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অন্নপূর্ণা যোজনার সুবিধা একমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই পাবেন। ইতিমধ্যেই প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে।
মুখ্যমন্ত্রী জানান, অনেক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। আবার এমন অভিযোগও এসেছে যে, যোগ্য নন এমন কিছু মহিলাও প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই বর্তমানে উপভোক্তাদের তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যাঁরা প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট থেকে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে। একইসঙ্গে নতুন আবেদনকারীদের মধ্যেও যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই কিস্তির টাকা পাবেন।
মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের আমলে বিভিন্ন আর্থিক প্রকল্পে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল, বর্তমান সরকারের আমলে তা হতে দেওয়া হবে না। নির্দিষ্ট এসওপি মেনেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের যাচাই করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তাঁর আশ্বাস, আগামী দিনে প্রতি মাসের টাকা পেতে এতটা অপেক্ষা করতে হবে না। মাসের দ্বিতীয় সপ্তাহেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর ব্যবস্থা করবে অর্থ দফতর।



















