২০ জুন দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি, সিঙ্গুর-আরামবাগে জনসভার সম্ভাবনা

২০ জুন দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি, সিঙ্গুর-আরামবাগে জনসভার সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আগামী ২০ জুন দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের পর এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম বঙ্গ সফর। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলি জেলার আরামবাগ ও সিঙ্গুরে পরপর দুটি জনসভায় যোগ দিতে পারেন তিনি।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিঙ্গুর ও আরামবাগে জনসভার জন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সিঙ্গুরের মাটি থেকেই শিল্পায়ন, কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরে জনসভা থেকে শিল্প ও কর্মসংস্থান নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

২০ জুনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কলকাতায় রাত্রিবাস করতে পারেন। সূত্রের খবর, তাঁর রাজভবনে থাকার সম্ভাবনাই বেশি। এরপর ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বৃহৎ যোগাসন অনুষ্ঠানে অংশ নিতে পারেন তিনি। সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে রাজ্যের শিল্পোন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ এসপিজি দল আগামী ১৭ জুনের মধ্যে রাজ্যে পৌঁছতে পারে বলে সূত্রের খবর। এরপর তারা আরামবাগ, সিঙ্গুর এবং ব্রিগেড ময়দান পরিদর্শন করে নিরাপত্তা ও অনুষ্ঠানস্থল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top