বিনোদন – দীর্ঘ ২৩ বছর পর ফের কলকাতায় শুটিং করছেন ভারতের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মণিরত্নম। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজ যেন সিনেমার সেটে পরিণত হয়েছিল। রাত প্রায় ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত যানবাহনের হর্নের বদলে চারদিকে শোনা গিয়েছে শুধুই ‘অ্যাকশন’ এবং ‘কাট’-এর নির্দেশ।
পরিচালকের আসন্ন তেলুগু ছবির শুটিংয়ে অংশ নেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও সাই পল্লবী। শুটিং চলাকালীন তাঁদের একাধিক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাওড়া ব্রিজের উপর দু’জনের একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং করা হয়েছে।
এদিন বিজয় সেতুপতিকে দেখা যায় কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে। অন্যদিকে, খোলা চুলে লাল রঙের গাউন এবং হাই-হিল জুতায় নজর কাড়েন সাই পল্লবী। কখনও দুই অভিনেতাকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মণিরত্নম, আবার কখনও তাঁর নির্দেশনায় একের পর এক শট দিচ্ছেন এই জনপ্রিয় তারকা জুটি।
হাওড়া ব্রিজ শহরের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় যানজট এড়াতে গভীর রাতে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত ২২ জুলাই বিজয় সেতুপতি কলকাতায় পৌঁছেছিলেন। মণিরত্নমের এই নতুন ছবির অস্থায়ী নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নম্বর ২৩’। শুটিং শুরুর আগে প্রায় এক মাস আগে কলকাতায় এসে বিভিন্ন লোকেশনও ঘুরে দেখেছিলেন পরিচালক।




















