৩ অক্টোবর ভারত-ব্রাজিল মহারণ, নিরাপত্তায় ৩ হাজার পুলিশ; ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

৩ অক্টোবর ভারত-ব্রাজিল মহারণ, নিরাপত্তায় ৩ হাজার পুলিশ; ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

আগামী ৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও এই ঐতিহাসিক লড়াই ঘিরে ইতিমধ্যেই চড়ছে ফুটবল-উন্মাদনা। ম্যাচের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিও জোরকদমে চলছে। নিরাপত্তা থেকে শুরু করে স্টেডিয়ামের পরিকাঠামো—কোনও জায়গাতেই যাতে ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ম্যাচের প্রস্তুতির খতিয়ান নিতে বুধবার রাতে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ম্যাচ ঘিরে নিরাপত্তা, দর্শক নিয়ন্ত্রণ এবং অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর আগেও এআইএফএফের তরফে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার কথা জানানো হয়েছিল।

বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত-ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে প্রায় তিন হাজার পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবককে মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের র‍্যাফ বাহিনী এবং কুইক রেসপন্স টিম বা QRT। স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নজরদারি বাড়াতে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরাও ব্যবহার করা হবে।

ম্যাচের দিন দর্শকদের প্রবেশ থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, স্টেডিয়ামের ভিতর ও বাইরের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। তবে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিধাননগর পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, ম্যাচের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের প্রস্তুতিও শেষ পর্যায়ে। ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরা আগেই স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ, ড্রেসিংরুম, শৌচাগার-সহ বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেছিলেন। মাঠের মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে বিশেষজ্ঞদের পরামর্শে পিচেরও সংস্কার করা হয়েছে।

৩ অক্টোবরের ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে সিনিয়র পর্যায়ে এই প্রথম মুখোমুখি হবে ভারত। এআইএফএফের হিসেব অনুযায়ী, ১৯৯২ সালে FIFA বিশ্বর‌্যাঙ্কিং চালু হওয়ার পর এটাই ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র‍্যাঙ্কের প্রতিপক্ষ। ফলে ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাপনাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

সব মিলিয়ে ঐতিহাসিক ম্যাচকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। মাঠের সংস্কার থেকে নিরাপত্তা—প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। আর সেই প্রস্তুতিরই শেষ পর্যায়ের পরিস্থিতি দেখতে বুধবার রাতে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top