কলকাতা – ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল শহরে। মঙ্গলবার তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও কয়েকজন গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি বহুতলের দ্বিতীয় তলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা অংশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। এরপর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আচমকা আগুন লাগার সময় ওই ঘরের ভিতরে পাঁচজন আটকে পড়েন বলে জানা গিয়েছে। প্রাণ বাঁচাতে তাঁরা বাথরুমে আশ্রয় নিলেও কালো ধোঁয়ায় সেখানে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। দমকলকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। আতঙ্কে বহুতলের অন্যান্য বাসিন্দারাও দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
পরে দগ্ধ অবস্থায় আটকে থাকা পাঁচজনকে উদ্ধার করে National Medical College and Hospital-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।



















