কলকাতার পর বাংলার অন্যান্য শহরেও মেট্রো পরিষেবার পরিকল্পনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার পর বাংলার অন্যান্য শহরেও মেট্রো পরিষেবার পরিকল্পনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতা মেট্রোর সম্প্রসারণের পর এবার রাজ্যের অন্যান্য বড় শহরেও মেট্রো পরিষেবা চালুর উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্পের আওতায় বাংলার জনবহুল শহরগুলিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ শুরু করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই সম্ভাব্য শহরগুলিতে মেট্রো পরিষেবা চালুর জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে। রাজ্যের যে শহরগুলিতে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের বসবাস রয়েছে, সেগুলিকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের সিটি মেট্রো সার্ভিস প্রকল্প অনুযায়ী বিস্তারিত প্রস্তাব তৈরি করে দিল্লিতে পাঠানো হবে। তিনি বলেন, মেট্রো প্রকল্পে কেন্দ্র ইতিমধ্যেই উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করেছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলা হবে।

বর্তমানে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে মেট্রো পরিষেবার দ্রুত সম্প্রসারণ চলছে। উত্তর ২৪ পরগনার বারাসাত এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ এগিয়ে চলেছে। পাশাপাশি হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে।

তবে নতুন সিটি মেট্রো সার্ভিস প্রকল্পের ক্ষেত্রে কোন কোন শহরকে বেছে নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ প্রকল্পের অন্যতম শর্ত হল সংশ্লিষ্ট শহরের জনসংখ্যা ২৫ থেকে ৩০ লক্ষের মধ্যে হওয়া। রাজ্যের বিভিন্ন জেলার শহরগুলির মধ্যে কোনগুলি এই মানদণ্ড পূরণ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগ সফল হলে কলকাতার বাইরে আরও একাধিক শহরে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা তৈরি হবে। ফলে যানজট কমার পাশাপাশি শহরগুলির পরিবহণ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুতগতির হবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top