ভাঙড়ে বোদরা পঞ্চায়েত দখল ঘিরে আইএসএফ-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত এলাকা

ভাঙড়ে বোদরা পঞ্চায়েত দখল ঘিরে আইএসএফ-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – ভাঙড় ১ ব্লকের বোদরা পঞ্চায়েত কাদের দখলে থাকবে, তা ঘিরে মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ ও বিজেপি সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুই পক্ষের সংঘর্ষে ভাঙড় থানার অন্তর্গত বোদরা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপির অভিযোগ, আইএসএফ কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায়, ভাঙচুর করে এবং বোমাবাজি করে। পাল্টা আইএসএফও বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। সংঘর্ষের জেরে এলাকায় একাধিক মোটরবাইক ও টোটো ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। পাশাপাশি দুই পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনাও ঘটে, যার ফলে বোদরায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। রাজনৈতিক সংঘর্ষের কারণে ভাঙড় বারবার শিরোনামে উঠে এসেছে অতীতে। সেই কারণেই এই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি লালবাজারের তরফে বিভিন্ন পদে কর্মরত ২৭৩ জন পুলিশকর্মী ও আধিকারিকের রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জনকে ভাঙড় ডিভিশনের বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক রুহুল আমিন আলি শা, যিনি আগে কলকাতা পুলিশ ওয়েলফেয়ারের আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top