মহামেডান ক্লাবে নতুন কমিটি গঠনের কাজ শুরু, সচিব পদে ওয়াসিম আক্রম

মহামেডান ক্লাবে নতুন কমিটি গঠনের কাজ শুরু, সচিব পদে ওয়াসিম আক্রম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নতুন সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে মহামেডান স্পোর্টিং ক্লাবে নতুন কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। ক্লাবের প্রশাসনিক ও আর্থিক কাঠামোয় একাধিক পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানানো হয়েছে। নতুন কমিটিতে ওয়াসিম আক্রমকে সচিব করা হয়েছে। এছাড়া আইনজীবী ফিরদৌস শামিম এবং মহম্মদ বাজলুর ইসলামকে পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন হুমায়ুন কবির। এখনও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি তৈরি না হলেও ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে দু’টি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হবে। একটি অ্যাকাউন্ট ক্লাবের দৈনন্দিন কাজকর্ম ও সদস্যদের বিভিন্ন কার্যকলাপের জন্য ব্যবহার করা হবে।

অন্যদিকে, মহামেডান ক্লাবের নামে পরিচালিত প্রাইভেট লিমিটেড সংক্রান্ত পুরনো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। ক্লাবের ফুটবল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে একটি প্রাইভেট লিমিটেড সংস্থা গঠন করা হবে এবং তার জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হবে।

নতুন সভাপতি হুমায়ুন কবির ক্লাবের ১৩৫ বছরের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই নতুন কমিটি গঠন করা হবে। ক্লাবের উন্নয়ন ও হারানো গৌরব ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য।

পরামর্শদাতা ফিরদৌস শামিম জানিয়েছেন, সদস্য ও সমর্থকদের মতামতকে গুরুত্ব দিতে ক্লাব প্রাঙ্গণের বাইরে অভিযোগ জানানোর জন্য বিশেষ বক্স রাখা হবে। সেখানে যে কেউ নিজের অভিযোগ বা পরামর্শ জমা দিতে পারবেন।

এদিকে নতুন সচিব ওয়াসিম আক্রম জানিয়েছেন, ক্লাবের বিপুল দেনার বোঝা কমানোর পাশাপাশি নতুন স্পনসর আনার চেষ্টা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ফের আইএসএলে খেলার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

বর্তমানে মহামেডান স্পোর্টিংয়ের উপর প্রায় ১৩ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। একই সঙ্গে আগামী মরশুমের জন্য প্রতিযোগিতামূলক দল গঠন করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি মরশুমে দ্বিতীয়বারের জন্য আইএসএলে অংশ নিলেও ট্রান্সফার ব্যান এবং শক্তিশালী দল গঠন করতে না পারার কারণে প্রত্যাশিত সাফল্য পায়নি সাদা-কালো ব্রিগেড। হতাশাজনক পারফরম্যান্সের জেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে আইএসএল থেকে অবনমনও হয়েছে তাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top