নয়াদিল্লি: সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন সিজেপি (CJP)-র প্রতিনিধিরা। বৈঠকের পর আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লির একাধিক এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বৈঠকের পর জে পি নাড্ডা সামাজিক মাধ্যম এক্স-এ জানান, আন্দোলনকারীদের অনুরোধে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তাঁদের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। তিনি সকল আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে দিল্লি পুলিশও শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছে। পাশাপাশি, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।




















