বিনোদন – তামিল সুপারস্টার ধনুশের রাজনীতিতে প্রবেশের জল্পনা ফের নতুন করে চর্চায় উঠে এসেছে। যদিও এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
রবিবার চেন্নাইয়ে ভক্তদের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভক্তদের ঐক্যকে জনকল্যাণমূলক কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনীতিতে তাঁর সম্ভাব্য প্রবেশ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
ধনুশ বলেন, এত মানুষের একসঙ্গে উপস্থিতি একটি বড় শক্তির প্রতীক। তবে এই ঐক্যকে শুধু অডিও লঞ্চ বা ভক্তদের সঙ্গে সাক্ষাতের মতো অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে কাজে লাগানো উচিত। তিনি ভক্তদের নিজের এলাকার মানুষের প্রয়োজন বোঝার এবং সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অভিনেতার কথায়, মানুষের জন্য যতটা সম্ভব কাজ করা উচিত এবং সমাজসেবামূলক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণই প্রকৃত ঐক্যের পরিচয়। তিনি আরও বলেন, ভক্তদের এই ঐক্য ও উদ্যোগ তাঁকে আরও গর্বিত করবে এবং তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে তাঁর বিশ্বাস।



















