২৮ অগাস্ট ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ছাত্র-যুবদের দিলেন আন্দোলনের বার্তা

২৮ অগাস্ট ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ছাত্র-যুবদের দিলেন আন্দোলনের বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, প্রয়োজন হলে ছাত্র-যুবদের বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে আয়োজিত প্রস্তুতি বৈঠকে ফোনে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন দলনেত্রী।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছরের মতো এবারও কলকাতার ময়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচি আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও তিনি জানান।

ছাত্র ও যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, ২১ জুলাইয়ের কর্মসূচি সফল করার পিছনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দলের ছাত্র-যুব কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও সংগঠনিক দক্ষতার কারণেই ওই কর্মসূচি সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

২৮ অগাস্টের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, এ বছর দিনটি ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালন করা হবে। সেই উপলক্ষে সকলকে একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দাবি, ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে কেন্দ্র সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তৃণমূলের ছাত্র সংগঠনকেও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও তিনি বার্তা দেন।

বৈঠকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, ২১ জুলাইয়ের আগে বিড়লা তারামণ্ডল সংলগ্ন এলাকায় সভার অনুমতি এবং তারও আগে পার্ক সার্কাসে কর্মসূচির অনুমতি ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছিল। বর্তমান রাজ্য প্রশাসন তাঁদের বিভিন্ন কর্মসূচিতে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top