কলকাতা – কলকাতার অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিবছর অভিনব থিম ও বিশাল আয়োজনের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শনার্থীকে টানে এই পুজো। রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর অনুপস্থিতিকে ঘিরে এবারের পুজো নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের দুর্গাপুজোতেও আগের মতোই জাঁকজমক ও চমক বজায় রাখার বার্তা দিল শ্রীভূমি কর্তৃপক্ষ।
এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ‘হাওয়া মহল’-এর আদলে নির্মিত মণ্ডপ। ৯৫৩টি জানলাবিশিষ্ট এই ঐতিহাসিক স্থাপত্যের নান্দনিক রূপ ফুটিয়ে তোলা হবে কলকাতার বুকে। সম্প্রতি গঠিত নতুন পুজো কমিটি খুঁটিপুজোর দিন আনুষ্ঠানিকভাবে এবারের থিমের ঘোষণা করেছে।
পুজো কমিটির নতুন কোষাধ্যক্ষ অঙ্কুর ভৌমিক জানিয়েছেন, হাওয়া মহলের স্থাপত্যকে নিখুঁতভাবে তুলে ধরতে কমিটির একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই জয়পুরে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছে। পাশাপাশি, ভক্তদের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য অটুট রাখতে প্রতিমাশিল্পী প্রদীপ রুদ্রপাল এবং পুজোর পুরোহিত সোমেশ শাস্ত্রীকে তাঁদের আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।




















