দেশ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত ও বিপুল জনপ্রিয় ভিডিও ইনস্টাগ্রাম থেকে সাময়িকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় এবার লিখিতভাবে জবাব দিল মেটা। এর আগে প্রকাশ্যে ক্ষমা চাইলেও, এবার সংস্থাটি কেন্দ্রের কাছে বিস্তারিত ব্যাখ্যা জমা দিয়েছে বলে সূত্রের খবর। নিজেদের ভুল স্বীকার করার পাশাপাশি মেটা জানিয়েছে, প্রধানমন্ত্রী-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট করা কনটেন্ট যাতে ভবিষ্যতে প্রযুক্তিগত ত্রুটির কারণে মুছে না যায় বা অদৃশ্য না হয়ে পড়ে, তার জন্য একাধিক নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্র সরকারের তলবের পর খুব শীঘ্রই মেটার শীর্ষ কর্তারা সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে ঘটনার কারণ, ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কনটেন্ট ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। পাশাপাশি ভিডিওটিতে দেড় কোটিরও বেশি লাইক এবং ১৩ লক্ষের বেশি মন্তব্য জমা পড়ে।
ভিডিওটির বিপুল জনপ্রিয়তার প্রভাব পড়ে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যাতেও। জানা গিয়েছে, ভিডিওটি প্রকাশের আগে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়, যা ভিডিওটির ব্যাপক গ্রহণযোগ্যতারই ইঙ্গিত বহন করছে।




















