নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন-সৌগতের সাক্ষাৎ ঘিরে জল্পনা, দিল্লির বৈঠকের ছবি ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে

নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন-সৌগতের সাক্ষাৎ ঘিরে জল্পনা, দিল্লির বৈঠকের ছবি ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে ভাঙন ও নেতৃত্ব নিয়ে টানাপোড়েন অব্যাহত। ‘আসল’ তৃণমূলকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা গেল তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়কে। সেই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি দুই বর্ষীয়ান নেতার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোনও নেতার তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে যক্ষ্মা প্রতিরোধ ও স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া-সহ একাধিক সাংসদের উপস্থিতি লক্ষ্য করা যায়। একই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও সৌগত রায়।

বৈঠক চলাকালীন জে পি নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন সিনহার কিছুক্ষণ কথোপকথনের ছবি সামনে আসে। পাশাপাশি, সৌগত রায়কেও একই টেবিলে বসে নাড্ডার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতে দেখা যায়। এই ঘটনাকেই কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও জল্পনা শুরু হয়েছে। তবে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা সেই কথোপকথনের রাজনৈতিক তাৎপর্য কী, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর থেকেই দিল্লির রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও, সংশ্লিষ্ট নেতাদের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে নাড্ডার সঙ্গে এই সাক্ষাৎ নিছক একটি সরকারি কর্মসূচির অংশ, নাকি এর নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক তাৎপর্য রয়েছে, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top