রাজ্য – কেন্দ্র সরকারের ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রসায়ন’ (BHAVYA Rasayan) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে একটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা এক চিঠিতে তিনি দাবি করেছেন, এই প্রকল্প রাজ্যের শিল্পোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং দ্রুত উদ্যোগ নিয়ে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের দাবি পেশ করা প্রয়োজন।
চিঠিতে শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, অন্য রাজ্যগুলি আবেদন করার আগেই পশ্চিমবঙ্গকে সক্রিয় হতে হবে। তাঁর মতে, সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে এই প্রকল্প রাজ্যে বড় শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে।
কেমিক্যাল পার্ক কোথায় গড়ে তোলা যেতে পারে, সেই প্রসঙ্গেও মত দিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, জমি সংক্রান্ত কোনও বিতর্ক না থাকলে সিঙ্গুরেও এই প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। উপযুক্ত পরিকাঠামো ও শিল্পবান্ধব পরিবেশ থাকলে অন্য এলাকাও বেছে নেওয়া যেতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিযোগিতামূলক ‘চ্যালেঞ্জ রুট’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে তিনটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পে নির্বাচিত প্রতিটি কেমিক্যাল পার্কের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে।
শুধু কেমিক্যাল শিল্পই নয়, পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি জানিয়েছেন, রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে টাটা গোষ্ঠীর মতো বড় শিল্প সংস্থার সঙ্গে আলোচনা ও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হবে। শিল্পায়নের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতেই রাজ্য সরকার উদ্যোগী বলে প্রশাসনিক মহলের ধারণা।




















