বহরমপুর:
পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপের অভিযোগে একাধিক গ্রেপ্তারের ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে। তদন্তের সূত্র ধরে সোমবার হাওড়া থেকে হামিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আদিত্য সিংহ ওরফে রাজ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এই প্রেক্ষাপটে অধীর চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি জানান, এটি শুধু তাঁর ব্যক্তিগত দাবি নয়, রাজ্যের স্বার্থেই মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের কোথাও যেন সন্ত্রাসবাদীরা আশ্রয় না পায়, তা নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপের অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনারও দাবি জানান তিনি। তাঁর মতে, যদি পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্ক গড়ে ওঠার আশঙ্কা সত্যি হয়, তবে তা সমগ্র রাজ্যের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।




















