রাজ্য – টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের থেকে রক্ত সংগ্রহের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ, বয়স গোপন করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্তদান করানো হয়েছে। এই ঘটনায় একটি বেসরকারি স্কুলের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ অনুযায়ী, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের তিন পড়ুয়াকে ৩০০ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। এরপর তাদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয়েছে বলে অভিযোগ। আরও দাবি, সরকারি নথিতে নাবালকদের প্রকৃত বয়স গোপন করে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল, যাতে রক্ত সংগ্রহে কোনও বাধা না আসে।
ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তাঁর দাবি, এজেন্টের মাধ্যমে নাবালকদের রক্ত সংগ্রহের একটি চক্র সক্রিয় থাকতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















