‘তরুণদের কথা শুনুন, শক্তি প্রয়োগে বাড়তে পারে অশান্তি’— তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘তরুণদের কথা শুনুন, শক্তি প্রয়োগে বাড়তে পারে অশান্তি’— তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – যেকোনও গণতান্ত্রিক আন্দোলনে হিংসা রুখতে তরুণ প্রজন্মের কথা শোনা এবং তাদের সঙ্গে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। শুধুমাত্র শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বুধবার একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।

গত ২০ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসা ও বিশৃঙ্খলার ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ আবেদনটি গ্রহণ করে। একইসঙ্গে, ছাত্র আন্দোলন এবং তা দমন করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগ সংক্রান্ত বিচারাধীন মামলাগুলির সঙ্গে এই আবেদনটি যুক্ত করার নির্দেশও দেয় আদালত।

এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক মণীশ সোলাঙ্কি। তাঁর আবেদনে দাবি করা হয়েছে, ২০ জুলাইয়ের হিংসার জন্য আয়োজক ও তাণ্ডবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলা যাতে নির্বিচারে প্রত্যাহার না করা হয়, সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানানো হয়েছে। এছাড়া পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে অপমানজনক মন্তব্য করা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজে নিয়োজিত করার আবেদনও করা হয়েছে।

শুনানিতে আবেদনকারীর আইনজীবী রিজওয়ান আহমেদ দাবি করেন, হিংসার মূল উদ্যোক্তারা এখনও আইনের আওতার বাইরে থেকে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। তাঁর বক্তব্য, শুধুমাত্র সরকার নয়, দেশের সর্বোচ্চ আদালতেরও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

জবাবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিষয়টি ইতিমধ্যেই বিচারাধীন বৃহত্তর মামলাগুলির সঙ্গে একত্রে বিবেচনা করা হবে। আদালত স্পষ্ট করে, সব পক্ষের মতামত, যুক্তি এবং ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি শুনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top