রাজ্য – বুধবার সকালে প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখতে একের পর এক গুরুত্বপূর্ণ দফতরে আকস্মিক পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি কলকাতার বন্দর এলাকার ওয়াটগঞ্জ থানায় যান। এরপর একবালপুর থানা পরিদর্শন করে সেখানে কর্মরত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় খতিয়ে দেখেন।
এরপর মুখ্যমন্ত্রী পৌঁছন রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজারে। সেখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করে আইন-শৃঙ্খলা, পুলিশি পরিকাঠামো এবং চলমান প্রশাসনিক কাজকর্ম নিয়ে আলোচনা করেন। লালবাজার থেকে তিনি সরাসরি দমকলের সদর দপ্তরে যান এবং সেখানকার প্রস্তুতি ও পরিষেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এদিন শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও আকস্মিক পরিদর্শনে বের হন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা, রোগী পরিষেবা এবং হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।




















