রাজ্য – পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার। পরিবারপিছু পঞ্চায়েত কর ১২০০ টাকা করা হয়েছে বলে যে দাবি বিভিন্ন মহলে ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। বুধবার এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার জানায়, পঞ্চায়েত কর বৃদ্ধি সংক্রান্ত কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় করা হবে। সাধারণ গ্রামবাসীদের উপর কোনও অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে না এবং প্রচলিত নিয়ম অনুযায়ী কর আদায়ের প্রক্রিয়াই বহাল রয়েছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে যে নিয়ম কার্যকর রয়েছে, সেটিই বলবৎ থাকবে এবং কর সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানানো হয়েছে।
রাজ্য সরকার সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর ভরসা করার পরামর্শ দিয়েছে এবং পঞ্চায়েত কর বৃদ্ধি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আবেদন জানিয়েছে।




















