রাজ্য – অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে তাঁকে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের পর তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।
জানা গিয়েছে, এর আগেও তাঁর ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। এবারও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
শুক্রবার হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, মিঠুন চক্রবর্তীর একটি ছোট অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং শুক্রবার বিকেলেই তিনি নিউটাউনের বাসভবনে ফিরে যেতে পারেন বলেও জানান মুখ্যমন্ত্রী।




















