দেশ – ঐতিহ্যবাহী আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বিল্ডিংয়ের চারতলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারিং ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তিনি চারতলা থেকে নীচে পড়লেন, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। রাজস্থানের বাসিন্দা অঙ্কিত গত বছর জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরে ভর্তি হন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে কোনওভাবে নীচে পড়ে যান অঙ্কিত। গুরুতর জখম হয়ে পড়ে ছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
চারতলা থেকে কীভাবে অঙ্কিত নীচে পড়লেন, তিনি নিজে পড়ে গিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রের মৃত্যুকে ঘিরে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে তৈরি হয়েছে শোকের আবহ।




















