রাজ্য – স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে ঘিরে নিরাপত্তায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ভিভিআইপি ও ভিআইপির উপস্থিতিতে এই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সতর্ক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে শহরের উপকণ্ঠ থেকে পাক চর এবং জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারের ঘটনায় গোয়েন্দাদের তরফে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে।
বৃহস্পতিবার থানা এবং ট্র্যাফিক গার্ডের ওসিদের মাধ্যমে ডিউটিতে থাকা সমস্ত পুলিশকর্মীকে একাধিক নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। দায়িত্ব পালনের সময় কোনওভাবেই মোবাইল ফোনে চোখ রাখা, ছবি তোলা কিংবা ভিডিও করার অনুমতি থাকবে না। লালবাজার সূত্রের দাবি, আগের বছরগুলিতে ডিউটির সময় বেশ কিছু পুলিশকর্মীকে সেলফি তুলতে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল। এবার সেই প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে অনুষ্ঠানস্থলের আশপাশে থাকা মানুষজন এবং দর্শকদের উপরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান কর্মসূচিতে যাওয়ার সময় যাতে নিরাপত্তায় কোনও ফাঁক তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
সাধারণত ওই সময়ে দর্শকদের একাংশ রেড রোডে নেমে পড়েন এবং পুলিশের নজরদারিতেও কিছুটা শিথিলতা দেখা যায়। তবে এবার পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনও দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না। পাশাপাশি অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকা পুলিশকর্মীদের নজরদারিতেও কোনওরকম শিথিলতা থাকবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।




















