রাজ্য – রাজ্যের সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসার অনুমোদিত খরচের হার বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে চিকিৎসা খরচ পাবেন এই স্কিমের আওতাভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। এই মর্মে অর্থদপ্তরের মেডিক্যাল সেল বিজ্ঞপ্তি জারি করেছে।
এতদিন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে চিকিৎসার অনুমোদিত খরচ তুলনামূলক কম থাকায় সমস্যায় পড়ছিলেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার চিকিৎসার খরচের নতুন হার নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের নির্ধারিত হারকে ভিত্তি করেই এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত হাসপাতালগুলিকে তিনটি টিয়ারে ভাগ করা হয়েছে। কলকাতা মহানগরীর হাসপাতালগুলিকে রাখা হয়েছে টিয়ার-১-এ। আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ির হাসপাতালগুলি রয়েছে টিয়ার-২-এ। আর রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলি টিয়ার-৩-এর অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, টিয়ার-২ এলাকার হাসপাতালগুলিতে চিকিৎসার অনুমোদিত হার টিয়ার-১-এর তুলনায় ১০ শতাংশ কম হবে। অর্থাৎ কলকাতা মহানগরীর হাসপাতালগুলিতে চিকিৎসা করালে তুলনামূলকভাবে বেশি হারে চিকিৎসা খরচ পাবেন সরকারি কর্মীরা।
অন্যদিকে, টিয়ার-৩ এলাকার হাসপাতালগুলিতে অনুমোদিত চিকিৎসা খরচের হার টিয়ার-১-এর তুলনায় ২০ শতাংশ কম রাখা হয়েছে। ফলে হাসপাতালের অবস্থান অনুযায়ী চিকিৎসার খরচের ক্ষেত্রে এই নতুন হার কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকেই।




















