দেশ – জেন জি আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চাপে রাখতে সক্রিয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিভিন্ন রাজ্যে গিয়ে ‘ছাত্রো কি গুঞ্জ’ কর্মসূচির মাধ্যমে ছাত্র-যুবদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তিনি। কিন্তু যে ছাত্র-যুবদের সামনে রেখে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রাহুল, এবার সেই পড়ুয়ারাই তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।
ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত পড়ুয়ারা সরাসরি রাহুল গান্ধীর কাছে দাবি জানিয়েছেন, জোটসঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা হেমন্ত সোরেন সরকারকে পড়ুয়াদের দাবি মেনে নিতে বাধ্য করতে হবে। তা সম্ভব না হলে সরকার থেকে কংগ্রেসের সমর্থন প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন তাঁরা।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁচিতে ‘তেরঙ্গা যাত্রা’র আয়োজন করেন বিক্ষোভরত পড়ুয়ারা। সেই কর্মসূচি থেকেই পড়ুয়াদের নেতা রবীন্দ্র পাসওয়ান ঘোষণা করেন, আগামী ২০ অগস্টের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কংগ্রেস এবং জেএমএম উভয় দলই পড়ুয়াদের দাবিকে কেন্দ্র করে রাজনীতি করছে। তাঁদের বক্তব্য, পড়ুয়াদের সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। একইসঙ্গে হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।
পড়ুয়াদের তরফে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছেও সরাসরি বার্তা দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, হেমন্ত সোরেন যদি রাহুল গান্ধীর কথা না শোনেন, তাহলে কংগ্রেসের উচিত ঝাড়খণ্ড সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা। ফলে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবার রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মসূচির সামনেই তৈরি হয়েছে নতুন অস্বস্তি।




















