রাজ্য – অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ২২ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের পর বোলপুরের বাইপাস সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে বীরভূমের সিউড়ি আদালতে হাজির করার কথা রয়েছে।
গ্রেফতারির সময় সায়গলের ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, তাঁর বাসভবন থেকে নগদ ১৩ লক্ষ টাকা, ৭৫০ গ্রামেরও বেশি সোনা এবং ৩০০-র বেশি বিভিন্ন সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কথিত কালো টাকার সন্ধান করতে গিয়েই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। অভিযোগ, পাথর ও বালি পরিবহণকারী গাড়িতে জাল ডিসিআর ব্যবহার করে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করা হয়েছিল।
এই আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে নেমে প্রথমে টুলু মণ্ডলের শ্যালকের আবাসন এলাকায় পৌঁছয় বীরভূম জেলা পুলিশ। কিন্তু সেখানেই তদন্তে বড় মোড় আসে। টুলু মণ্ডল বা তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি না চালিয়ে সরাসরি সায়গল হোসেনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
তল্লাশির পর সায়গলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রায় ২২ ঘণ্টা ধরে চলা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা, সোনা এবং বিপুল সংখ্যক সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
এখন সায়গল হোসেনকে আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। উদ্ধার হওয়া সম্পত্তির উৎস এবং টুলু মণ্ডলের সঙ্গে তাঁর কোনও আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




















