কলকাতা – শিয়ালদহ শাখা থেকে বারাসত পর্যন্ত চলাচলকারী এসি লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার এই ট্রেনের রুট আরও বাড়িয়ে বনগাঁ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে খবর, আগামী ২০ অগস্ট থেকেই বর্ধিত রুটে পরিষেবা শুরু হতে চলেছে।
এতদিন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত এসি লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার আর বারাসতে ট্রেনটির যাত্রা শেষ হবে না। বারাসত পেরিয়ে সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে ট্রেনটি। একইভাবে বনগাঁ থেকেই সেটি ফের শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে।
এর ফলে বর্তমানে চলা ফিরতি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আসতে চলেছে। এতদিন ৩৩৪৪২ নম্বর এসি লোকালটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে বেলা ১২টা ১৩ মিনিটে শিয়ালদহ পৌঁছত। ট্রেনের যাত্রাপথ বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় স্বাভাবিকভাবেই এই পরিষেবার সময়সূচিতে বদল হবে।
মূলত উপযুক্ত সময়ে ট্রেনটি চলাচল না করায় শিয়ালদহ থেকে যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম হচ্ছিল। ফলে দীর্ঘদিন ধরেই যাত্রীদের একাংশ এই এসি লোকালের রুট বনগাঁ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। পাশাপাশি এসি লোকাল চালিয়েও আশানুরূপ লাভ পাচ্ছিল না পূর্ব রেল।
এর আগে এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বারাসত থেকে বনগাঁর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা না থাকাই ছিল রুট সম্প্রসারণের অন্যতম প্রধান বাধা। তবে পরবর্তীতে সমস্ত পরিকাঠামোগত দিক খতিয়ে দেখে সেই বাধা কাটিয়ে অবশেষে এসি লোকালের রুট বনগাঁ পর্যন্ত সম্প্রসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
ফলে আগামী ২০ অগস্ট থেকে শিয়ালদহ-বনগাঁ রুটের যাত্রীদের জন্য এসি লোকালের এই বাড়তি পরিষেবা যাতায়াতের ক্ষেত্রে আরও একটি বিকল্প তৈরি করবে।



















