রাজ্য – রং, তুলি আর পেন্সিল—ছোটবেলা থেকেই অগ্নিমিত্রা পালের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রিয় সঙ্গী। পেশায় ফ্যাশন ডিজাইনার হিসেবে দীর্ঘদিন আঁকাআঁকির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু রাজনীতির ব্যস্ততা এবং মন্ত্রী হিসেবে একের পর এক দায়িত্ব সামলাতে গিয়ে দীর্ঘদিন ধরেই হাতে রং-তুলি তুলে নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এবার সিনিয়র সিটিজেন ডে-তে সেই পুরনো ভালোবাসার কাছেই ফিরলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সিনিয়র সিটিজেন ডে উপলক্ষে আয়োজিত বিশেষ আর্ট থেরাপি কর্মশালা ‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’-এ অংশ নেন তিনি। কর্মশালায় ‘আমার মা ভারত মা’ থিমকে সামনে রেখে নিজের হাতে ছবি আঁকেন অগ্নিমিত্রা। দীর্ঘদিন পর ফের রং ও পেন্সিল হাতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন তিনি। অগ্নিমিত্রা জানান, কাজের ব্যস্ততার কারণে এতদিন ছবি আঁকা হয়ে ওঠেনি। দীর্ঘ সময় পর আবার ছবি আঁকার সুযোগ পেয়ে তাঁর খুব ভালো লেগেছে। পুরনো অভ্যাসে ফিরে এসে রং-পেন্সিল হাতে নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে যথেষ্ট আনন্দের বলেও জানান তিনি। তবে এই কর্মশালার গুরুত্ব শুধু ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রবীণ নাগরিকদের সৃজনশীলতার সঙ্গে যুক্ত থাকার বার্তাও তুলে ধরা হয় এই আয়োজনের মাধ্যমে। বয়স কখনও সৃষ্টিশীলতার পথে বাধা হতে পারে না—এই ভাবনাকেই সামনে রেখে আয়োজন করা হয় ‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’ কর্মশালা। সেখানে শিল্পচর্চার মাধ্যমে প্রবীণদের মানসিক আনন্দ, সৃজনশীলতা এবং সক্রিয়তার বার্তাই উঠে আসে।



















