রাজ্য – রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা প্রকল্পের মহিলা উপভোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। জেলায় জেলায় মহিলাদের জমায়েত করার পাশাপাশি কলকাতায় এক লক্ষ মহিলাকে নিয়ে বড় জনসভা করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভবানীপুরের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, এই বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ১৪ হাজার ৫০০-র বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন। আরও প্রায় আড়াই হাজার মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছেছে। তবে যোগ্য হওয়া সত্ত্বেও কোনও মহিলা এখনও টাকা না পেয়ে থাকলে তাঁকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে নাম নথিভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি এই প্রকল্প নিয়ে মহিলাদের আশ্বস্ত করে তাঁর উপর ভরসা রাখার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে অন্নপূর্ণা যোজনাকে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তুলে ধরেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের জমায়েত এবং কলকাতায় এক লক্ষ মহিলাকে নিয়ে সভার ঘোষণায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।



















