এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই নাগরিকত্ব খারিজ নয়

এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই নাগরিকত্ব খারিজ নয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লেই তাঁর নাগরিকত্ব খারিজ হয়ে যায় না। একই সঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে জমা পড়া আবেদন এবং সেই আবেদনগুলির নিষ্পত্তির সম্পূর্ণ খতিয়ান জাতীয় নির্বাচন কমিশনের কাছে চেয়েছে আদালত।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিক ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাস করছেন এবং নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় নথিও তাঁদের কাছে রয়েছে। ভোটার তালিকায় নাম না থাকাকে কেন্দ্র করে ভবিষ্যতে দেশছাড়া হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন একাংশ।

নাম বাদ পড়া ব্যক্তিদের দাবি ও নথি যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রাথমিক তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা সেখানে আবেদন জানিয়ে নিজেদের বক্তব্য এবং প্রয়োজনীয় নথি পেশ করার সুযোগ পাচ্ছেন।

ট্রাইব্যুনালে যাচাইয়ের পর কোনও ব্যক্তির দাবি গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ফের ভোটার তালিকায় যুক্ত করার ব্যবস্থা রয়েছে। এই প্রক্রিয়ায় কতগুলি আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে, সেই সংক্রান্ত তথ্যই এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া আশঙ্কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট হল। ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার বিষয়টি নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলেই আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top