কলকাতা: পুলিশি হয়রানি, মিথ্যা মামলা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার প্রতিবাদে আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের বিভিন্ন শ্রমিক সংগঠন। সংগঠনগুলির ঘোষণা অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে।
এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র আওতাভুক্ত পরিবহণ সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘটের পাশাপাশি ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও হবে। দুপুর ১টায় কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। সেখানে পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।
সংগঠনগুলির অভিযোগ, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ট্রাফিকের ছোটখাটো প্রযুক্তিগত সমস্যার কারণে সিগন্যাল সবুজ থেকে লাল হয়ে গেলে যাত্রী তোলা বা নামানোর জন্য চালকদের জরিমানা করার নিয়ম বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
এছাড়াও ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার ‘অন্যায্য’ নীতি বন্ধ করা, চালকদের অকারণে আইডি ব্লক না করা এবং বিভিন্ন রেল স্টেশনে টাউটদের দৌরাত্ম্য বন্ধ করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
সরকারের নির্ধারিত ভাড়া নীতি কঠোরভাবে কার্যকর করার দাবিও রয়েছে। নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই ধর্মঘট ও পরিবহণ ভবন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।




















