কলকাতা – রবিবার মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। ফলে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা এবং কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই কারণেই ওই অংশে পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পুরো ব্লু লাইনে পরিষেবা বন্ধ থাকছে না। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। ফলে যাত্রীদের যাতায়াতের আগে পরিষেবা বন্ধ থাকার অংশটি মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।




















