দেশ – রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার বিল পাশ হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজন অনুযায়ী সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত কেন্দ্র। একইসঙ্গে ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কয়েক মাসে মার্কিন প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এই ইস্যুতে একাধিক দফায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত মার্কিন আইনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারতের অবস্থানও সেই আলোচনায় স্পষ্ট করে জানানো হয়েছে। বিশেষ করে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
মন্ত্রকের বক্তব্য, পরিস্থিতি অনুযায়ী ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের বাণিজ্য ও শিল্পমহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করবে সরকার। জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে আমদানির উৎসে বৈচিত্র্য রাখার উপরও জোর দেওয়া হয়েছে।




















