রাজ্য – বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ‘Global Action for a Cooler Planet’ থিমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য সরকারের পরিবেশ দফতর। বুধবার, ১৬ সেপ্টেম্বর বিধাননগরের পরিবেশ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ওজোন স্তর সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ দফতরের মন্ত্রী-ইন-চার্জ মনোজ কুমার ওরাঁও, পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যসচিব ডঃ অশোক প্রতাপ সিং, পরিবেশ দফতরের চিফ এনভায়রনমেন্টাল অফিসার সুমনা ভট্টাচার্য এবং WBPCB-র সিনিয়র পার্সোনেল ম্যানেজার সামনজিৎ সেনগুপ্ত।
অনুষ্ঠানে ওজোন দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন ISRO-র প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর ও বিজ্ঞানী ডঃ দিব্যেন্দু দত্ত। ওজোন স্তরকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্তরে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম মূল বার্তা ছিল। ওজোন স্তর রক্ষার সঙ্গে পরিবেশবান্ধব জীবনযাপন ও জলবায়ু সুরক্ষার বিষয়গুলিকেও একইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়।




















