রাজ্য – বিশ্বকর্মা পুজোর উৎসবের আবহেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম বজায় থাকতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রঝড়ের পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয়বাষ্পকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
এর মধ্যেই আরও একটি আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে আগামী কয়েকদিনেও রাজ্যের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব অব্যাহত থাকতে পারে।



















