‘বিজেপির ঘরজামাই’! নন্দীগ্রাম-রেজিনগরে NCPI-এর বিজেপি সমর্থনের সিদ্ধান্তে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

‘বিজেপির ঘরজামাই’! নন্দীগ্রাম-রেজিনগরে NCPI-এর বিজেপি সমর্থনের সিদ্ধান্তে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে NCPI। দলের এই সিদ্ধান্ত সামনে আসতেই তীব্র আক্রমণ শানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে NCPI-এর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উপনির্বাচন দু’টিতে ৬ অক্টোবর ভোটগ্রহণ হওয়ার কথা।

NCPI-এর সিদ্ধান্তকে কটাক্ষ করে অধীর বলেন, ‘‘ওরা বিজেপির ঘরজামাই। তাই তাদের তো আদর-খাতিরদারি হবেই হবে! ঘরজামাইকে কি খাতির না দিয়ে উপায় আছে?’’ তাঁর এই মন্তব্য ঘিরে উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এর পাশাপাশি NCPI নেতৃত্ব ও দলের জনপ্রতিনিধিদের রাজনৈতিক অবস্থান নিয়েও সরব হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি অভিযোগ করেন, ক্ষমতার কাছাকাছি থাকার স্বার্থেই দলের একাধিক নেতা বারবার রাজনৈতিক অবস্থান বদলেছেন। অধীরের কথায়, ‘‘এদের কোনও রাজনৈতিক জাত আছে না চরিত্র আছে? এরা হল বিশুদ্ধ ধান্দাবাজ।’’ তিনি আরও দাবি করেন, যেখানে ক্ষমতার সুযোগ রয়েছে, সেখানেই তাঁরা যাওয়ার চেষ্টা করেন।

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে NCPI-এর বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তকে ঘিরে এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। NCPI-এর তরফে জানানো হয়েছে, দুই আসনে তাদের নিজস্ব প্রার্থী না থাকায় বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারে নামবে দলটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top