কলকাতা: রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জোর দিচ্ছে প্রশাসন। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পায়ন ও বিনিয়োগের পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, শুধু কত টাকার বিনিয়োগ আসছে, সেই হিসাবের পরিবর্তে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে অতীতের বিভিন্ন সময়ে তৈরি হওয়া শিল্পক্ষেত্রের ‘ব্যাকলগ’ কাটিয়ে নতুনভাবে এগোনোর কথাও জানান তিনি।
শিল্পপতি গৌতম আদানির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, আদানি এবং আম্বানি গোষ্ঠীর সঙ্গে তাঁদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনার সব বিষয় এখনই প্রকাশ্যে আনতে না চাইলেও আদানি গোষ্ঠী বাংলার একাধিক ক্ষেত্রে কাজ করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বলে জানান তিনি। রাজ্যে বিনিয়োগ ও শিল্প প্রকল্প নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে সরকারের আলোচনা চলছে।
শুভেন্দু জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আদানি গোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজ্যে আসবে। বিনিয়োগের সম্ভাবনা ও বিভিন্ন প্রকল্প নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবে। পাশাপাশি নিউটাউনে প্রায় ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো অনুষ্ঠানে গৌতম আদানির উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি। ২৪ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিল্পায়নের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো, কর্মসংস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ টানার উপরেই আপাতত জোর দিচ্ছে রাজ্য সরকার। বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে বাংলায় নতুন প্রকল্প আনার চেষ্টা চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।




















