সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, আসন্ন অধিবেশনে বিল আনার ঘোষণা বিজেপির

সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, আসন্ন অধিবেশনে বিল আনার ঘোষণা বিজেপির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

বাংলা হোক কিংবা ইংরেজি—রাজ্যের নাম একটাই হবে, ‘পশ্চিমবঙ্গ’। ইংরেজিতেও ‘West Bengal’ নয়, ‘পশ্চিমবঙ্গ’ নাম ব্যবহারের প্রস্তাব নিয়ে আসন্ন বিধানসভা অধিবেশনেই বিল আনা হবে বলে জানাল বিজেপি। সোমবার সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই ঘোষণা করেন।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, এবার থেকে রাজ্যের নামের ক্ষেত্রে ‘বাংলা’, ‘পশ্চিম বাংলা’ বা ‘West Bengal’—কোনও নামই নয়। সব ভাষাতেই একমাত্র ‘পশ্চিমবঙ্গ’ নামটিই ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, রাজ্যের নামের সঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাস ও দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই সেই ঐতিহাসিক নামই স্থায়ী করার লক্ষ্যে বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শমীক বলেন, দেশভাগের সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের নাম শুধুমাত্র ‘বাংলা’ করা হলে সেই ইতিহাস ও ত্যাগের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পরিচয় আড়ালে চলে যেতে পারে। তাই ‘পশ্চিমবঙ্গ’ নামটিকেই বজায় রাখার পক্ষে বিজেপি।

রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ অবশ্য নতুন নয়। ১৯৯৯ সালেও বিধানসভায় সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব উঠেছিল। পরবর্তী সময়ে ২০১৬ সালে তৎকালীন রাজ্য সরকার বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম ব্যবহারের প্রস্তাব নেয়। সেই প্রস্তাব কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হলেও তা কার্যকর হয়নি।

সম্প্রতি কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল রাজ্যসভায় আলোচনার সময়ও শমীক ভট্টাচার্য সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার দাবি তুলেছিলেন। তাঁর বক্তব্য, সেই অবস্থান থেকেই এবার রাজ্য বিধানসভায় নতুন করে প্রক্রিয়া শুরু করা হবে।

তবে বিধানসভায় বিল পাস হলেই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। সংবিধান অনুযায়ী, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য বিধানসভার প্রস্তাবের পর কেন্দ্রীয় পর্যায়েও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ফলে আসন্ন অধিবেশনে বিল পেশ হলে তার পরবর্তী ধাপও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top