কলকাতা: প্রবীণ আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ‘হিন্দুত্ববাদী’ শব্দের ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই তাঁকে ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “উনি আইনের ঊর্ধ্বে নাকি! বাঘ না সিংহ! উনি কে?” পাশাপাশি, সমগ্র হিন্দু সমাজকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ দিন শুভেন্দু অধিকারী বলেন, “উনি আইনের ঊর্ধ্বে নাকি! বাঘ না সিংহ! উনি কে? কাদের বলেছেন হিন্দুত্ববাদী। সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ফাইনালি আইন মানতে হবে। কনক্লুসন দেখতে পাবেন। ভরা সিপিএম আমলে লক্ষণ শেঠকে হারিয়েছি।”
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনার পর তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই পোস্টে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। সেই শব্দের ব্যবহার নিয়ে আপত্তি ওঠার পর রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। মুখ্যমন্ত্রী পোস্ট সংশোধনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। তবে পোস্টটি সংশোধন না করায় বিতর্ক আরও জোরালো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার কসবা ও গড়ফা থানায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, থানায় হাজিরা দেননি তিনি। মঙ্গলবার বসিরহাট থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এই বিতর্কে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। একদিকে তাঁর পোস্টে ব্যবহৃত শব্দ নিয়ে আপত্তি ও আইনি পদক্ষেপের দাবি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য—সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে অভিযোগ দায়ের হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়; বিষয়টির আইনি নিষ্পত্তি পরবর্তী প্রক্রিয়ার উপর নির্ভর করবে।




















