আন্তর্জাতিক —
সকালের কাজ শুরু করতেই বিপাকে পড়লেন মাইক্রোসফটের লক্ষ লক্ষ ব্যবহারকারী। ইমেল পাঠানো থেকে শুরু করে অফিসের জরুরি কাজ—হঠাৎই একাধিক পরিষেবায় দেখা দিল প্রযুক্তিগত সমস্যা। বিশেষ করে Outlook ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বহু গ্রাহক। শুধু Outlook নয়, Microsoft-এর একাধিক জনপ্রিয় অ্যাপেও পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর সামনে এসেছে। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
কেন দেখা দিল এই সমস্যা?
প্রাথমিকভাবে মাইক্রোসফট জানিয়েছে, তাদের পরিকাঠামোর একাংশে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এই বিপর্যয় ঘটেছে। সংস্থার দাবি, একাধিক সার্ভার অপ্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে সচল থাকা অন্যান্য সার্ভারের উপর চাপ বেড়ে যায়। আর সেই কারণেই ব্যবহারকারীদের পরিষেবা পেতে সমস্যা তৈরি হয়।
মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, আমেরিকার বিভিন্ন অঞ্চলে Exchange Online মেলবক্সে একাধিক পদ্ধতিতে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। পরিস্থিতি খতিয়ে দেখার পর দ্রুত সমস্যা সমাধানের কাজ শুরু করে সংস্থাটি। পাশাপাশি, সার্ভারগুলিকে পুনরায় সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়।
Outlook, Teams থেকে Copilot—একাধিক অ্যাপে প্রভাব
এই পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়ে মাইক্রোসফটের একাধিক জনপ্রিয় অ্যাপে। Outlook-এর পাশাপাশি Microsoft Teams এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সহকারী Copilot ব্যবহার করতেও সমস্যায় পড়েন অনেকে। Microsoft 365 পরিষেবাতেও বিঘ্নের খবর পাওয়া যায়।
বহু ব্যবহারকারী তাঁদের ইনবক্স খুলতে, ইমেল পাঠাতে এবং ইমেল গ্রহণ করতে সমস্যার কথা জানিয়েছেন। ফলে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি অফিসের দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ—সব ক্ষেত্রেই Microsoft-এর পরিষেবার উপর নির্ভরশীলতা অনেকটাই বেড়েছে। তাই এই ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ে একসঙ্গে বিপাকে পড়তে পারেন বিপুল সংখ্যক ব্যবহারকারী।



















