কলকাতা —
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে এবার চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে মেডিক্যাল কলেজ—যে প্রতিষ্ঠানে যত সংখ্যক চিকিৎসকের প্রয়োজন, সেই অনুযায়ী নিয়োগ করা হবে। আপাতত কলকাতা-সহ কয়েকটি জেলায় এই প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী সময়ে অন্যান্য জেলাতেও চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতালভিত্তিক নিয়োগের বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যে সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি রয়েছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করবে। বেতন এবং কাজের দায়িত্বও নির্দিষ্ট করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
চুক্তিভিত্তিক নিযুক্ত চিকিৎসকেরা সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও চিকিৎসা পরিষেবা দিতে পারবেন বলে জানানো হয়েছে।
স্থায়ী নিয়োগে পিএসসি, আপাতত চুক্তির পথে স্বাস্থ্য দপ্তর
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্থায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে বিজ্ঞাপন প্রকাশ থেকে শুরু করে নিয়োগের নির্দেশিকা জারি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় প্রায় দেড় থেকে দু’বছর সময় লেগে যায়।
তাঁর বক্তব্য, হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি এত দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই আপাতত হাসপাতালভিত্তিক চুক্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগের ফলে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক সংকট কতটা কমে এবং রোগী পরিষেবায় কতটা উন্নতি হয়, এখন সেদিকেই নজর।




















