রাজ্য —
উৎসবের মরশুমে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমানে রাজ্যের এই প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লক্ষ মানুষ আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী দিনেও আরও যোগ্য মহিলাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। এমনকি আরও ১০ লক্ষ মহিলা যোগ্য হলে তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, “১ কোটি ৫৬ লক্ষ মানুষকে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছি। আরও যাঁরা যোগ্য, তাঁরাও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ৫০০ টাকা করে শুরু করেছিলেন, সেদিন মাত্র ১ কোটি ৫১ লক্ষকে দিয়েছিলেন। আমরা তো ১ কোটি ৫৬ লক্ষকে দিয়েছি। যদি আরও ১০ লক্ষ যোগ্য মহিলা থাকেন, তাহলে তাঁরাও পাবেন।”
এক বছর পর হিসাব দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর
সরকার পরিবর্তনের পর গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, প্রতি মাসেই নতুন করে বহু উপভোক্তা এই প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছেন। তবে সরকারের কাজের পূর্ণাঙ্গ হিসাব দিতে অন্তত এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের তো মাত্র ছয় মাস হয়েছে। আমি যা হিসাব-পত্র দেওয়ার, এক বছর পর দেব। আমি আগেও বলেছি, অন্তত একটা বছর মিনিমাম লাগবে।”
অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া নিয়ে মন্তব্য
অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচন প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যোগ্যদেরই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বার্ধক্য ভাতা বা অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার সংখ্যা বৃদ্ধি এবং নতুন করে যোগ্য মহিলাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।




















