নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা,বারুইপুর, ৩ অক্টোবর, ২০২০ : বিড়ি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত জগদীশপুর গ্রামে।
শুধু তাই নয় ঘটনার খবর পেয়ে শনিবার সকালে বারুইপুর থানার পুলিশ গিয়ে দেখেন বাড়ি অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। এরপরই অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। সত্যিই কি বিড়ি খেতে গিয়ে এমন দুর্ঘটনা। না অন্য কোন কারন রয়েছে। খতিয়ে দেখছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮০ বছরের লাই প্রামানিক। জগদীশ পুরের এই বাড়ির একটি ঘরে তিনি একাই থাকতেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে বিড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আর সেই জ্বলন্ত বিড়ির আগুন থেকেই বিছানা আগুন লাগে। অগ্নিদগ্ধ হন তিনি।
আরও পড়ুন… সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উঁচুতে অটল টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর
কিছুক্ষণ পর ঘরে আগুন দেখে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। তাঁরাই আগুন নেভায়। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধের। সম্পূর্ণ ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।



















