কলকাতা:
২০২৪ সালের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ আগামী সাত দিনের জন্য জনসংযোগ ও জনজীবনের বিভিন্ন কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগস্ট মাস তাঁর ব্যক্তিগত জীবনে গভীর শোকের স্মৃতি বহন করে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রবিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় রত্না দেবনাথ জানান, ব্যক্তিগত কারণে আগামী সাত দিন তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করবেন না। এই সময়ের মধ্যে কোনও রাজনৈতিক, সামাজিক বা জনসমাগমমূলক কর্মসূচিতেও অংশ নেবেন না। তবে তাঁর জনতার কার্যালয়ের প্রশাসনিক কাজ স্বাভাবিক নিয়মেই চলবে বলে তিনি স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর বিচার দাবির আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন রত্না দেবনাথ। তবে প্রতি বছর আগস্ট মাস এলেই সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি নতুন করে ফিরে আসে তাঁর জীবনে।
একমাত্র মেয়েকে হারানোর সেই অসহনীয় বেদনা থেকেই কয়েক দিনের জন্য জনজীবনের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই সময় তিনি ব্যক্তিগতভাবে নির্জনে থাকতে চান এবং সাময়িকভাবে সব ধরনের জনসংযোগ থেকে বিরতি নেবেন।




















