ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ২ জনের, আহত বহু যাত্রী

ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ২ জনের, আহত বহু যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


জলপাইগুড়ি – জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় রবিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তিস্তা সেতুর কাছে একটি সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর মোট ৩৯ জন আহত যাত্রীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একটি ৩ বছরের শিশুও রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার জেরে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল পুনরায় শুরু করার লক্ষ্যে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক সরানোর কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও শুরু হয়েছে তদন্ত।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রীবোঝাই বাসটি শিলিগুড়ি থেকে ফালাকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তিস্তা সেতু পার হওয়ার পর ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসটি সজোরে ধাক্কা মারে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং বাসটির গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top