রাজ্য – দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভাঙার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রবিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত ওই কার্যালয়ে কোনও ভাঙার কাজ করা যাবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে হবে। পরবর্তী শুনানিতে সেই নথির ভিত্তিতেই মামলার অগ্রগতি হবে।
এর আগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অবস্থিত ওই দলীয় কার্যালয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতে শনিবার স্থানীয় প্রশাসন বুলডোজার নিয়ে গিয়ে কার্যালয় ভাঙার কাজ শুরু করে।
এরপর কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশ চেয়ে রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আদালত জরুরি ভিত্তিতে শুনানির ব্যবস্থা করে।
শুনানি শেষে আদালত আপাতত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত ওই দলীয় কার্যালয়ে কোনও ধরনের ভাঙার কাজ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সব পক্ষের হলফনামা জমা পড়ার পর মামলার পরবর্তী শুনানিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।



















