বিনোদন – ৪৩তম জন্মদিন উদযাপনের পর অনুরাগীদের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে জন্মদিন উদযাপনের ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী। সেই ছবিগুলির মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ছেলে বিহান কৌশলকে নিয়ে দুটি আবেগঘন মুহূর্ত।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলের মুখ প্রকাশ্যে না আনলেও তাঁর ছোট্ট পায়ে স্নেহভরে চুম্বন করছেন ক্যাটরিনা। অন্য একটি ছবিতে ছোট্ট বিহানকে মায়ের নাক টিপে আদর করতে দেখা যায়। মা-ছেলের এই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে।
তারকা দম্পতি এখনও পর্যন্ত তাঁদের ছেলের মুখ প্রকাশ্যে আনেননি। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিমানবন্দরেও পাপারাজ্জিদের ছবি না তোলার অনুরোধ করেছেন তাঁরা। তবে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ছেলের ছোট ছোট ঝলক ভাগ করে নেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।
জন্মদিনের ছবিগুলিতে ক্যাটরিনাকে স্বাভাবিক ও হাসিখুশি মেজাজে দেখা গেছে। একটি ছবিতে খোলা চুলে ধরা দিয়েছেন তিনি। আরেকটি ছবিতে স্বামী ভিকি কৌশলের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেলেও অভিনেতাকে ক্যামেরার পেছন দিক থেকে দেখা যায়।
ছবিগুলির সঙ্গে আবেগঘন বার্তাও লিখেছেন ক্যাটরিনা কাইফ। ছেলেকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ। তোমাকে পেয়ে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।” অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।




















