নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টিভেজা সকাল দেখল কলকাতা। ভোর থেকে একাধিক দফায় বৃষ্টিতে ভিজেছে শহর ও আশপাশের এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হলেও তার প্রভাব এখনও বজায় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে নদী-নালার জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—উভয় ক্ষেত্রেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top