কলকাতা: বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। পুরভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে সম্প্রতি কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে।
আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরই পুরভোটে বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
কলকাতা পুরসভা নির্বাচন ঠিক কবে হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, আগামী নভেম্বর মাসে নির্বাচন হতে পারে। পাশাপাশি আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠনের বিষয়ে রাজ্য সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতে ১৪৪টি ওয়ার্ডের পুরনো হিসাব তুলে ধরে সুকান্ত মজুমদার দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কলকাতা পুরসভার ১০১টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে।
তিনি আরও দাবি করেন, কলকাতা পুরসভার আসন সংখ্যা যদি ২০৯-এ উন্নীত হয়, তাহলে সেই হিসাব অনুযায়ী বিজেপি অনায়াসে ১৭০ থেকে ১৮০টি আসনে জয়ী হতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে পুরভোটের আগে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।




















